ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসেছেন কোয়াডের চার সদস্য দেশের নেতারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
আসিয়ান সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এর আগে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছে কোয়াড নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তিনি একজন খুব কঠিন মানুষ।’
এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি হয়তো আরও বেশি কঠিন।’
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দিকে ফিরে তিনি বলেন, ‘আমরা ঠিক আছি।’
কোয়াড নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই মানুষগুলো এবং দেশগুলোর সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।’
দুই বছরের বেশি সময় পর কোয়াডের শীর্ষ নেতারা একসঙ্গে বৈঠকে বসলেন। চার দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদার করা এ জোটের অন্যতম লক্ষ্য।


