...|...|...

বিশ্ব

দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির তদন্তের দাবির পর মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান।

মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা মন্টসামের বরাতে জানা গেছে, প্রেসিডেন্টসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী দল। সোমবার এসব অভিযোগের তদন্তসহ বেশ কয়েকটি দাবি জানায় দলটি।

এক বিবৃতিতে খুরেলসুখ বলেন, ‘সত্য প্রতিষ্ঠার জন্য ডেমোক্রেটিক পার্টি আমাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেছে। আমি এতে একমত। তাই প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেব। আমার বিরুদ্ধে তদন্ত হবে এবং আমি আমার সম্মান পুনরুদ্ধার করব।’

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, এক মাসের বেশি সময় ধরে তাঁকে অপমান ও মানহানির চেষ্টা চলছে। প্রেসিডেন্টের সুনাম ক্ষুণ্ন হওয়া দেশের জনগণের সুনামের ওপরও আঘাত বলে মন্তব্য করেন তিনি।

২০২১ সালের জুনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন খুরেলসুখ। এর আগে ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

মঙ্গোলিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর হতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। পদত্যাগ অনুমোদিত হলে পার্লামেন্টের স্পিকার অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এরপর চার মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।