বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্ব নেতৃত্বের প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, মহাকাশ গবেষণা, চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে উন্নত শিল্পপ্রযুক্তি- ভবিষ্যতের অর্থনীতিতে এগিয়ে থাকতে গবেষণা ও উন্নয়ন খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলো। এ প্রতিযোগিতায় মোট ব্যয়ের হিসাবে যুক্তরাষ্ট্রকে সামান্য ব্যবধানে পেছনে ফেলেছে চীন।
অর্থনৈতিক তথ্য ও বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম মানিমাইন্ড হাবের প্রকাশিত একটি ইনফোগ্রাফিকে দেখা গেছে, ক্রয়ক্ষমতার সমতা বা পিপিপি অনুযায়ী গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে চীনের ব্যয় ১ লাখ ২৮ হাজার ৩০০ কোটি ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যয় ১ লাখ ৯৩০ কোটি ডলার।
তালিকায় পরবর্তী তিনটি অবস্থানে রয়েছে জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তবে মোট ব্যয়ের হিসাবে চীন এগিয়ে থাকলেও জাতীয় অর্থনীতির আকারের তুলনায় গবেষণায় সবচেয়ে বেশি বিনিয়োগ করছে দক্ষিণ কোরিয়া।
ইনফোগ্রাফিকটিতে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মেইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিকেটরস তথ্যভান্ডারের উল্লেখ রয়েছে। এতে ২০২৪ সাল পর্যন্ত সর্বশেষ প্রাপ্য তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে।
মার্কিন সরকারের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিসটিকসের (এনসিএসইএস) প্রকাশিত দ্য স্টেট অব ইউএস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬ প্রতিবেদনেও এই চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক গবেষণা ও উন্নয়ন ব্যয়ের প্রায় ৩০ শতাংশ ছিল চীনের এবং ২৯ শতাংশ যুক্তরাষ্ট্রের। অর্থাৎ বিশ্বের মোট গবেষণা ব্যয়ের অর্ধেকের বেশি হয়েছে এই দুই দেশে।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যয়ের ব্যবধান প্রায় ১৯ বিলিয়ন ডলার বা ১ হাজার ৯০০ কোটি ডলার। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা জাপানের ব্যয় চীনের এক-চতুর্থাংশেরও কম।
গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন
দীর্ঘদিন ধরে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের প্রাধান্য ছিল। তবে সাম্প্রতিক দশকগুলোতে গবেষণায় বিনিয়োগ দ্রুত বাড়িয়েছে চীন। এর ফলে ২০২৪ সালে দেশটি মোট গবেষণা ও উন্নয়ন ব্যয়ের হিসাবে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করেছে বলে আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য তথ্যের ভিত্তিতে অনুমান করা হচ্ছে।
ওইসিডির মার্চ ২০২৬-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে উভয় দেশই গবেষণা ও উন্নয়ন ব্যয়ে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। সংস্থাটি বলছে, ক্রয়ক্ষমতার পার্থক্য বিবেচনায় নিলে চীনের ব্যয় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে।
তবে গবেষণায় বেশি অর্থ ব্যয় করাই যে কোনো দেশ প্রযুক্তিগত উদ্ভাবনের সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে, তা নয়। গবেষণার গুণগত মান, নতুন প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, পেটেন্ট, বৈজ্ঞানিক প্রকাশনা এবং শিল্পখাতে গবেষণার বাস্তব প্রয়োগও গুরুত্বপূর্ণ।
মার্কিন এনসিএসইএসের বিশ্লেষণে বলা হয়েছে, বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের সংখ্যায় চীন এগিয়ে থাকলেও উচ্চমাত্রায় উদ্ধৃত গবেষণাপত্র তৈরিতে যুক্তরাষ্ট্রের গবেষকদের উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।
জিডিপির হিসাবে সবচেয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া
মোট ব্যয়ের তালিকায় দক্ষিণ কোরিয়া পঞ্চম অবস্থানে থাকলেও অর্থনীতির আকারের তুলনায় গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে এই পাঁচ দেশের মধ্যে দেশটি শীর্ষে।
দক্ষিণ কোরিয়া তার মোট দেশজ উৎপাদনের ৫ দশমিক ১৩ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করে। বিপরীতে জাপান ব্যয় করে ৩ দশমিক ৬২ শতাংশ, যুক্তরাষ্ট্র ৩ দশমিক ৪৪ শতাংশ, জার্মানি ৩ দশমিক ১৩ শতাংশ এবং চীন ২ দশমিক ৬৯ শতাংশ।
এতে বোঝা যায়, কোনো দেশের মোট গবেষণা ব্যয় কম হলেও জাতীয় অর্থনীতিতে গবেষণাকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, গাড়ি উৎপাদন এবং উন্নত প্রযুক্তিনির্ভর শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব খাতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে গবেষণা ও নতুন প্রযুক্তির উন্নয়ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বিশ্বজুড়ে গবেষণায় ব্যয় কত
এনসিএসইএসের হিসাবে, ২০২৪ সালে উপলব্ধ দেশভিত্তিক তথ্য অনুযায়ী বিশ্বে গবেষণা ও উন্নয়নে মোট ব্যয় হয়েছে প্রায় ৩ দশমিক ৪৮ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে চীন ও যুক্তরাষ্ট্র মিলেই
ব্যয় করেছে প্রায় ২ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলার।
অর্থাৎ বিশ্বের গবেষণা বিনিয়োগের বড় অংশ এখন দুটি দেশের হাতে কেন্দ্রীভূত। তবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশকে একসঙ্গে বিবেচনা করলে তাদের সম্মিলিত গবেষণা ব্যয় প্রায় ৬১২ বিলিয়ন ডলার, যা পৃথক দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য।
বিশেষজ্ঞ পর্যায়ের গবেষণা বিশ্লেষণে উদ্ভাবনকে অর্থনৈতিক উৎপাদনশীলতা, শিল্পোন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হয়। ফলে গবেষণায় বিনিয়োগের এই প্রতিযোগিতা শুধু বিজ্ঞান বা প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; ভবিষ্যতের অর্থনৈতিক নেতৃত্বের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।
চীন মোট ব্যয়ের হিসাবে এগিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের শক্তিশালী গবেষণা অবকাঠামো এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশের উচ্চ গবেষণা-নিবিড়তা দেখাচ্ছে, বিশ্বে উদ্ভাবনের প্রতিযোগিতা একাধিক মাত্রায় এগোচ্ছে।

