...|...|...

বিশ্ব

ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প, জেলেনস্কিকে হুশিয়ারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০২
Shares
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প, জেলেনস্কিকে হুশিয়ারি

ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি মন্তব্য করেছেন যে, রাশিয়ার সাথে যুদ্ধ অবসানে সমঝোতা করার মতো একজন নতুন নেতা বেছে নেওয়া উচিত ইউক্রেনের। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প ইউক্রেন কর্তৃক রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে চালানো হামলার কড়া সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, ডিজেল উৎপাদনকারী স্থাপনাগুলোতে হামলা চালানো হলে তা কেবল রাশিয়ার নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

ট্রাম্প বলেন, আমরা জেলেনস্কিকে পরিষ্কার বলেছিলাম, ‘তোমরা রাশিয়ার ওপর যা খুশি তা করতে পারো, কিন্তু শোধনাগারগুলোতে আঘাত কোরো না; কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা।’ অথচ সে কী করল? সে গিয়ে সরাসরি ডিজেল জ্বালানিতে আঘাত হানল। তার খুব ভালোভাবেই এটা বন্ধ করা উচিত।

মস্কোর সাথে আলোচনার ক্ষেত্রে জেলেনস্কির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার পরামর্শ কী জানেন? আমি মনে করি তাদের এমন একজন নতুন নেতা দরকার যিনি একটি চুক্তি বা সমঝোতা করতে পারেন। কারণ তিনি (জেলেনস্কি) অতীতে বহুবার চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক অজানা কারণে তিনি তা কখনোই করেননি।

ট্রাম্প আরও বলেন, আমি মনে করি ইউক্রেনের নতুন একজন প্রেসিডেন্ট পাওয়ার সময় এখনই এসেছে।

উল্লেখ্য, রাশিয়ার সাথে একটি প্রস্তাবিত ডিজেল সরবরাহ চুক্তি ঘোষণার ঠিক একদিন পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল। মার্কিন ও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতে ওই চুক্তি সহায়তা করবে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।