...|...|...

বিশ্ব

সৌদিতে জরুরি সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:২১
Shares
সৌদিতে জরুরি সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির মিশন। মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই বিমানবন্দর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত ওই সতর্কবার্তায় বলা হয়, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলার বিষয়টি সম্পর্কে মার্কিন মিশন সম্পূর্ণ অবহিত রয়েছে।

নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারের সকল কর্মচারীর জন্য রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহারে বিশেষ অনুমোদনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এছাড়া নিরাপত্তার কারণে ইয়েমেন সীমান্ত থেকে ২০ মাইলের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জিজান, আসির, নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে যেতে হলে বিশেষ অনুমতি নিতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই মার্কিন নাগরিকদের নিজ নিজ ফ্লাইটের আপডেট সরাসরি সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সাথে যোগাযোগ করে নিশ্চিত করার জোরালো সুপারিশ করা হয়েছে।

তবে জরুরি পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য নিয়মিত ও জরুরি কনস্যুলার সেবা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন মিশন।