যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভানকে নিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে। ম্যানচেস্টার সিটির সাথে প্রাক-চুক্তি থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সিটিতে তার আনুষ্ঠানিক যোগদানের আগেই পরিস্থিতির ওপর নজর রেখে নিজেদের সুযোগ খুঁজছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা সুলিভান ১৮ বছর পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন এমন একটি প্রাক-চুক্তি রয়েছে তার। এ কারণে এত দিন তাকে দলে পাওয়ার ক্ষেত্রে ইংলিশ ক্লাবটি এগিয়ে ছিল।
তবে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক বিধি লঙ্ঘনের ১১৫টি অভিযোগের বিচারাধীন মামলাকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এ মামলায় সিটির বিরুদ্ধে এখনো চূড়ান্ত কোনো শাস্তি নির্ধারিত হয়নি। অবনমনের আশঙ্কাও এখন পর্যন্ত তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। তারপরও দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সুলিভানের প্রতিনিধিরাও পরিস্থিতির অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেছেন। কয়েক সপ্তাহ আগে তার এজেন্ট বলেছিলেন, “কখন কী ঘটে তা বলা কঠিন, তবে আমরা আশা করি তারা বিষয়টির একটি সঠিক সমাধান খুঁজে পাবে।”
এ বক্তব্য থেকে বোঝা যায়, সুলিভানের পক্ষ থেকে এখনই ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি বাতিলের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে মামলার অগ্রগতি ও চুক্তির শর্তের ওপর তার ভবিষ্যৎ নির্ভর করতে পারে। ফলে তরুণ এই ফুটবলারের পরবর্তী গন্তব্য নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও তার স্কাউটিং দল বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্বজুড়ে তরুণ প্রতিভা খুঁজে বের করে দীর্ঘমেয়াদে দলকে শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবেই সুলিভানের পরিস্থিতির ওপর নজর রাখছে তারা।
এর আগে রিয়াল মাদ্রিদ, চেলসি, লিভারপুল ও পিএসজির মতো ইউরোপের বড় ক্লাবগুলোরও আগ্রহ ছিল এই তরুণ মিডফিল্ডারকে ঘিরে। এখন ম্যানচেস্টার সিটির আইনি জটিলতা কাজে লাগিয়ে বার্সেলোনা তাকে দলে টানার সুযোগ পায় কি না, সেটিই দেখার বিষয়।



