রহস্য স্পিনার হিসেবে বাংলাদেশ দলে জায়গা পাওয়া আলিস আল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরপরই পড়েছেন বড় চ্যালেঞ্জের মুখে। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। ফলে এখন আইসিসি অনুমোদিত কেন্দ্রে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এই স্পিনারকে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি ওঠে। ওই ম্যাচেই বাংলাদেশের হয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন ২৯ বছর বয়সী এই স্পিনার।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৮.৩ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি আলিস। খরচ করেন ৪৭ রান। তার অভিষেকের ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে হেরে যায়।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা যাচাই করতে স্বাধীন মূল্যায়ন করা হবে। আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংস্থাটির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত বিধি অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে আরও দুইবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে রিপোর্টের মুখে পড়েছিলেন আলিস। দুটি ঘটনাই ঘটেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ২০১৯ সালে বিপিএলে অভিষেক মৌসুমেই প্রথমবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ২০২৫ সালেও একই ধরনের অভিযোগে রিপোর্টেড হন তিনি।


