...|...|...

খেলা

ব্যালন ডি’অরে মেসির উপস্থিতি নিয়ে কেন অনিশ্চয়তা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০১
Shares
ব্যালন ডি’অরে মেসির উপস্থিতি নিয়ে কেন অনিশ্চয়তা

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর অনুষ্ঠানে লিওনেল মেসি থাকবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেননি আয়োজকেরা। আগামী সোমবার লন্ডনে বসতে যাওয়া এই আয়োজনের মঞ্চে আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকাকে দেখতে চান তারা। তবে ব্যস্ত সূচি ও একের পর এক দীর্ঘ ভ্রমণের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ শেষ হওয়ার পরই লন্ডন যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মেসি।

এর আগে শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরের কাম্পোআমোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। অনুষ্ঠান শেষ করেই যুক্তরাষ্ট্রে ফেরার জন্য বিমানে ওঠেন তিনি।

এখন রেড বুলসের বিপক্ষে ম্যাচ খেলার পর আবারও আটলান্টিক পাড়ি দিয়ে লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সেটিই দেখার বিষয়। অল্প সময়ের ব্যবধানে স্পেন, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে যাতায়াতের ব্যস্ততাও তার সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মেসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকায় তার ভক্তদের পাশাপাশি অপেক্ষায় থাকতে হচ্ছে আয়োজকদেরও। ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।