বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে হাসপাতালে নেওয়া হয়েছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে ক্লাবের অনুশীলনকেন্দ্রে জরুরি চিকিৎসক ডাকার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় সাবেনার স্ট্রাসে অবস্থিত বায়ার্নের ট্রেনিং ফ্যাসিলিটিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারও অবতরণ করে।
৪০ বছর বয়সী বেলজিয়ান কোচের শারীরিক অবস্থার অবনতি কেন হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তাকে হাসপাতালে নেওয়ার নির্দিষ্ট কারণ কিংবা বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বায়ার্ন মিউনিখের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছিলেন কোম্পানি। অসুস্থতার মধ্যেও দলের দায়িত্ব পালন করছিলেন তিনি। বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অসুস্থতার কথা স্বীকার করেন বায়ার্ন কোচ। সে সময় অসুস্থ শরীর নিয়েও নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
এর আগে আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের সময়ও অসুস্থতার কারণে সমস্যায় পড়তে হয়েছিল কোম্পানিকে। ম্যাচের বিরতিতে তাকে নিজের অফিসের সোফায় শুয়ে থাকতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভাইরাল সংক্রমণের প্রভাবে পুরোনো টিস্যুতে জটিলতা দেখা দেওয়ায় সিঁড়ি দিয়ে ওঠার মতো স্বাভাবিক কাজও তাঁর জন্য কষ্টকর হয়ে উঠেছিল।
অসুস্থতার কারণে সপ্তাহের শুরুতে দলের মূল একাদশের অনুশীলনেও অংশ নিতে পারেননি কোম্পানি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বও সে সময় সহকারী কোচ অ্যারন ড্যাংকসকে দিয়েছিলেন তিনি।
তবে অসুস্থতা নিয়েই বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডাগআউটে ফিরেছিলেন বায়ার্নের এই কোচ। এর পর শুক্রবার তাকে হাসপাতালে নেওয়ার খবর সামনে এলেও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


