বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে দর্শকেরা কোনো টিকিট ছাড়াই খেলা উপভোগ করতে পারবেন।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। তবে এ সুবিধা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি বক্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজকে সামনে রেখে শুক্রবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আসন্ন টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের ম্যাচগুলো ঘিরে ক্রিকেটপ্রেমীদের জন্য বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখার এই সুযোগ দিয়েছে বিসিবি।


