গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ভারত চিঠির জবাব দেবে বলে আশা করছে বাংলাদেশ। কারণ, গঙ্গা পানি বণ্টন চুক্তি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা এবং সমঝোতা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনার উদ্যোগ হিসেবে এরই মধ্যে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ। গত ১৭ নভেম্বর পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ভারতের সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানান।
এর আগে জুন ও আগস্ট মাসেও আলোচনার উদ্যোগ নিতে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এসব চিঠির কোনো জবাব পাওয়া যায়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। চুক্তি নবায়ন অথবা নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটিও গঠন করেছে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে জানিয়েছিলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টনসংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে আলোচনা করা হবে। এ বিষয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


