শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কুরুক্কালমাদামে একটি গণকবরের সন্ধান পাওয়ার পর তিন দশকেরও বেশি পুরোনো এক অধ্যায় আবারও সামনে এসেছে। সেখানে মানুষের কঙ্কালের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ১৯৯০ সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিইর হাতে নিহত মুসলিমদের দেহাবশেষ হতে পারে এগুলো।
এখন নিখোঁজ স্বজনদের পরিচয় শনাক্ত এবং তাদের সাথে আসলে কী ঘটেছিল, তা জানার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।
তাদেরই একজন ৬০ বছর বয়সী ফাউজুল হিনায়া। ৩৬ বছর ধরে দুই ভাইয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি। এখন আর ন্যায়বিচারের আশা করেন না। তার চাওয়া, অন্তত মুসলিম রীতি অনুযায়ী দুই ভাইকে দাফন করতে পারেন।
পূর্ব উপকূলীয় শহর কাত্তানকুডিতে নিজের বাড়িতে বসে আল জাজিরাকে তিনি বলেন, ‘আমি তাদের মর্যাদাপূর্ণ দাফন দিতে চাই।’
১৯৮৩ সালে স্বাধীন আবাসভূমির দাবিতে তামিল বিদ্রোহীদের সাথে শ্রীলঙ্কার সরকারি বাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়। ২০০৯ সালে তামিল যোদ্ধাদের পরাজয়ের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটে। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।
দেশটির তামিল জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর বিরুদ্ধে রয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কার সরকার এবং সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর অনেকেই দেশজুড়ে বিভিন্ন শহর ও গ্রামে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) বোমা হামলা ও হত্যাকাণ্ডের কথা তুলে ধরে আসছে।
১৯৯৩ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসাকে হত্যা করে এলটিটিই। এর আগে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করে সংগঠনটি। তামিল বিদ্রোহীদের দমনে এর আগে শ্রীলঙ্কায় সেনা পাঠিয়েছিলেন রাজীব গান্ধী।
তবে ১৯৯০-এর দশকের শুরুর দিকে শ্রীলঙ্কার মুসলিমদের বিরুদ্ধেও একাধিক হত্যাকাণ্ড চালায় এলটিটিই। পূর্বাঞ্চলের কুরুক্কালমাদাম, কাত্তানকুডি ও এরাভুরে মুসলিমদের লক্ষ্য করে হত্যার ঘটনা ঘটে।
অনেক ক্ষেত্রে অপহরণের শিকার মুসলিমরা আর ফিরে আসেননি। তাদের মধ্যে শত শত মানুষের লাশও কখনো খুঁজে পাওয়া যায়নি।
গত মাসে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা কুরুক্কালমাদামের একটি গণকবরে কাটার চিহ্নযুক্ত কঙ্কালের অবশেষ খুঁজে পান।
আদালতে নিহতদের পরিবারের পক্ষে প্রতিনিধিত্ব করা আইনজীবী মুয়াজ্জাম মুবারক এ তথ্য জানিয়েছেন।


