বিপদের মুহূর্তে জীবনসঙ্গী পাশে থাকবেন, এমন প্রত্যাশা প্রায় সবারই থাকে। কিন্তু ভূমিকম্পের সময় ঘটল ঠিক উল্টো ঘটনা। স্ত্রীকে রেস্তোরাঁয় একা ফেলে নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালালেন স্বামী। আর সেই অভিজ্ঞতাই এক নারীকে দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইভান অ্যালেক্সিস অলিভার নামের এক নারী সম্প্রতি টিকটকে নিজের বিবাহবিচ্ছেদের পেছনের এই অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অলিভার জানান, একদিন স্বামীর সাথে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। হঠাৎ ভূমিকম্প শুরু হলে সেখানে উপস্থিত ব্যক্তিরা নিজেদের সঙ্গীদের নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। কেউ টেবিলের নিচে, আবার কেউ দরজার পাশে আশ্রয় নেন।
কিন্তু অলিভারের স্বামী তাকে কিছু না বলেই টেবিল ছেড়ে দৌড়ে রেস্তোরাঁর অন্য প্রান্তে চলে যান। সেখানে একটি দরজার পাশে আশ্রয় নেন তিনি। বিপদের মুহূর্তে স্বামীর এমন আচরণে হতবাক হয়ে যান অলিভার।
ভাগ্যক্রমে ভূমিকম্পে কেউ আহত হননি। তবে স্বামীর আচরণ নজর এড়ায়নি রেস্তোরাঁর এক কর্মীরও। ভূমিকম্প থেমে যাওয়ার পর ওই কর্মী অলিভারের কাছে এসে তার খোঁজখবর নেন। একপর্যায়ে স্ত্রীকে একা ফেলে স্বামীর চলে যাওয়ার ঘটনাটিকে অদ্ভুত বলেও মন্তব্য করেন তিনি।
অলিভারের ভাষ্য, ঘটনাটি তাকে ভীষণ বিব্রত করেছিল। একই সাথে স্বামীর কাছে নিজের নিরাপত্তার গুরুত্ব কতটা, সেটিও বুঝতে পেরেছিলেন তিনি।
তিনি বলেন, ‘ঘটনাটি সত্যিই খুব অদ্ভুত ও বিব্রতকর ছিল। সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প হচ্ছে আর তুমি দৌড়ে পালিয়ে গেলে, আমি যেন তোমার কাছে একেবারেই গুরুত্বহীন! ব্যাপারটা অবিশ্বাস্য।’
এদিকে অলিভারের ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ২ লাখ ১ হাজার ৯০০টি এবং মন্তব্য করেছেন প্রায় তিন হাজার ব্যবহারকারী।
মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন।
একজন লিখেছেন, ‘আমরা একবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি আমার পার্স খুঁজে পাচ্ছিলাম না। সে তখন কারও সাথে কথা বলছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার পার্স দেখেছে কি না। সে বলল, হ্যাঁ, ওখানে আছে। আমি সেখান থেকে চলে আসার পর শুনতে পেলাম, সে বলছে—এতে (পার্স খোঁজার কাজে) অন্তত ও ব্যস্ত থাকবে।’
আরেক নারী লিখেছেন, ‘তোমার স্বামী এখন সাবেক—এটা জেনে ভালো লাগল। একবার আমাদের কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রে অ্যালার্ম বেজে উঠেছিল। আমার সাবেক স্বামী আমাকে ধাক্কা দিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে পালিয়ে যায়। আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে বসার ঘরে দাঁড়িয়েই ছিলাম। পরে জানা যায়, সেটি ভুল সংকেত ছিল। তবে ওই ঘটনা আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল।’
অনেকে আবার অলিভারের অভিজ্ঞতার সাথে ২০১৪ সালে মুক্তি পাওয়া সুইডিশ চলচ্চিত্র ‘ফোর্স মেজর’-এর গল্পের মিল খুঁজে পেয়েছেন। সিনেমাটিতে তুষারধসের সময় স্ত্রী ও সন্তানদের বিপদের মুখে ফেলে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যান এক ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের দাম্পত্য সম্পর্কে সংকট তৈরি হয়।
অলিভার তার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে বিবাহবিচ্ছেদের পেছনে আরও কয়েকটি ঘটনার কথা জানিয়েছেন। তবে ভূমিকম্পের সময় স্বামীর এমন আচরণ ছিল তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ।
এ প্রসঙ্গে প্রতিবেদনে মহাত্মা গান্ধীর নামে প্রচলিত একটি উক্তিও তুলে ধরা হয়েছে, ‘কাপুরুষ কখনও ভালোবাসা প্রকাশ করতে পারে না; ভালোবাসা প্রকাশ করা সাহসীদের কাজ।’


