ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহু কতটা আন্তরিক, তা এই সময়ের মধ্যেই যাচাই করতে চান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আইজেনকোট এ কথা জানান। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে, জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেন নেতানিয়াহু। এতে আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে সম্মতি জানান তিনি। আর নিজে সরকারের শুরুতে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন।
নেতানিয়াহুর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইজেনকোট জানান, জাতীয় ঐক্যের সরকার গঠনে আলোচনার জন্য তিনি প্রস্তুত। শনিবার রাত থেকেই লিকুদ পার্টির প্রতিনিধিদের সাথে কার্যকর ও দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। সরকারের মূলনীতি ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলোকে আলোচনায় প্রাধান্য দেওয়ার কথাও উল্লেখ করেন।
আইজেনকোট জানান, নেতানিয়াহুর অনুরোধে একটি গোপন যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত সেসব প্রস্তাবের কোনো জবাব পাওয়া যায়নি।
লিকুদ পার্টির বিরুদ্ধে সময়ক্ষেপণের অভিযোগ তুলে আইজেনকোট বলেন, ‘প্রায় তিন সপ্তাহ ধরে আমরা প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনার প্রস্তাব দিয়ে আসছি। কিন্তু বারবার প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়তে হয়েছে।’
জাতীয় ঐক্যের সরকার গঠনের স্বার্থে রাজনৈতিক ছাড় দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন এই বিরোধীদলীয় নেতা। তার মতে, জনগণের ঐক্য ও সংহতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অন্যতম মৌলিক ভিত্তি।
এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, জাতীয় ঐক্যের সরকার গঠনের স্বার্থে বড় রাজনৈতিক দলের নেতাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে—এমন নীতি থেকে সরে আসতে রাজি রয়েছেন তিনি।


