ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রধানমন্ত্রী মনোনীত গাদি আইজেনকটের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইজেনকট। ফলে দেশটির ক্ষমতার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহু ও আইজেনকট। এর আগে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব দিয়ে আইজেনকটকে প্রথমে সরকারপ্রধান হওয়ার সুযোগ দিতে রাজি হন নেতানিয়াহু।
বৈঠক শেষে আইজেনকটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হলেও সরকার গঠনের বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কান জানিয়েছে, সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা রাজনৈতিক মিত্রদের জানিয়েছেন আইজেনকট। লিকুদ পার্টির সঙ্গে পরবর্তী বৈঠকের কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বৈঠকে বড় ধরনের মতপার্থক্য দেখা দেওয়ায় দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। তবে আইজেনকটের নেতৃত্বাধীন জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। এর মধ্যে ইয়াশার পার্টির ২১টি, নাফতালি বেনেটের টুগেদার পার্টির ১২টি, ডেমোক্র্যাটসের আটটি এবং ইসরায়েল বেইতেনুর সাতটি আসন রয়েছে।
অন্যদিকে আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন। এসব দল সরকারে সরাসরি অংশ না নিয়েও বাইরে থেকে সমর্থন দিলে আইজেনকটের নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকার ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেতে পারে।
আইজেনকট তার রাজনৈতিক মিত্রদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে নেতানিয়াহুকে বলেছেন, সরকার গঠনের পর লিকুদ ও তার মিত্ররা সরকারের মূলনীতি মেনে নিলে তাতে যোগ দিতে পারবে।
তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, জাতীয় ঐক্যের সরকার গঠনে আইজেনকট আগ্রহী নন। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য এ ধরনের সরকারকে অপরিহার্য বলে মনে করছে লিকুদ পার্টি।
আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনে আইজেনকটের প্রাথমিক সময়সীমা শেষ হবে। প্রয়োজনে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি।


