...|...|...

বিশ্ব

নিরাপত্তার দুর্বলতা কাটাতে গোয়েন্দা মন্ত্রণালয় সংস্কারের নির্দেশ মোজতবা খামেনির

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৩
Shares
নিরাপত্তার দুর্বলতা কাটাতে গোয়েন্দা মন্ত্রণালয় সংস্কারের নির্দেশ মোজতবা খামেনির

ছবি: সংগৃহীত

ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার বেশ কিছু দুর্বলতা প্রকাশ্যে আসার পর এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

রবিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে গালিবাফ বলেন, গোয়েন্দা মন্ত্রণালয় পুনর্গঠনসংক্রান্ত আইন দেশটির সাংবিধানিক তদারকি সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর স্থায়ী গোয়েন্দামন্ত্রী নিয়োগে সরকারের আর দেরি করা উচিত হবে না।

চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েলের হামলায় ইরানের সর্বশেষ গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। এরপর থেকে ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ২০২১ সালের আগস্টে গোয়েন্দামন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ে কাজ করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দাদের অনুপ্রবেশের বিষয়টি বারবার আলোচনায় এসেছে। ২০২০ সালে পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ এবং ২০২৪ সালে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধেও এই দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

গালিবাফ জানান, গোয়েন্দা মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য শুরুতে সরকারকে একটি বিল উত্থাপনের আহ্বান জানিয়েছিল পার্লামেন্ট। তবে সরকারের বিলম্বের কারণে পার্লামেন্ট নিজেই এ উদ্যোগ নেয়।

রোববার ইরানের আইনপ্রণেতারা বিলটির সাধারণ কাঠামো অনুমোদন করেছেন। এতে গোয়েন্দামন্ত্রী পদে নিয়োগের যোগ্যতায় পরিবর্তন আনার প্রস্তাবও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, নতুন বিধান অনুযায়ী ধর্মীয় পণ্ডিতদের পাশাপাশি ধর্মীয় পণ্ডিত নন, এমন ব্যক্তিরাও গোয়েন্দামন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। তবে তাদের স্নাতকোত্তর ডিগ্রি, গোয়েন্দা কার্যক্রমে দক্ষতা ও অভিজ্ঞতা এবং মধ্যম বা উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।