ভারতের রাজনীতিতে ঝড় তোলা জনপ্রিয় প্রেশার গ্রুপ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র স্কুল পরিদর্শনের কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সরকারি স্কুলগুলোর বেহাল দশা ও অবহেলার চিত্র তুলে ধরতে গিয়ে ২৬ বছর বয়সী আব্দুল হাফিজ এবং তার পিতা হামলার শিকার হন। ঘটনার দু’দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার ৫১ বছর বয়সী পিতা মোহাম্মাদ মফিক মারা যান।
বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, গত ১৩ আগস্ট বাঁকুড়া জেলার কারিসুন্দা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে যান আব্দুল হাফিজ। সিজেপি-র ‘ফিক্স দ্য স্কুলস’ প্রচারের অংশ হিসেবে তিনি তার পুরোনো স্কুলটি পরিদর্শনে গিয়েছিলেন। এর কিছুদিন আগেই সিজেপি-র একটানা ৩৭ দিনের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন মোদি সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
কিন্তু বাঁকুড়ায় এই স্কুল অডিট করতে যাওয়াই কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ ওঠে, ওই দিনই মোদির দল বিজেপির স্থানীয় কর্মীরা হাফিজের বাড়িতে চড়াও হয়ে তাকে ও তার পিতাকে নির্মমভাবে মারধর করেন। ফলস্বরূপ, গুরুতর আহত হয়ে তার পিতা মারা যান।
এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, হামলাকারীরা বিজেপির কেউ নন, বরং সাধারণ অপরাধী এবং এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে পিতার দাফন সম্পন্ন করার পর হাফিজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন— “আমরা বাবার মৃত্যুর বিচার চাই, কিন্তু এই হামলা আমাদের ভালো শিক্ষার দাবি থেকে পিছু হঠাতে পারবে না।
সিজেপি-র এই নতুন আন্দোলনে চার দফা মূল দাবি তুলে ধরা হয়েছে— ১. বিশুদ্ধ পানীয় জল ও সচল শৌচাগার, ২. বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার উপযোগী শ্রেণিকক্ষ, ৩. বাউন্ডারি ওয়াল ও ক্যাম্পাসের নিরাপত্তা এবং ৪. মিড-ডে মিল ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি।
সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কেবল ভালো স্কুলের দাবি তোলার অপরাধে কাউকে খুন হতে দেখার চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না।
রাজস্থানেও সিজেপি-র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা আন্দোলন শুরু করলে সেখানে শিক্ষার্থীদের সুরক্ষার অজুহাতে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ এবং ছবি বা ভিডিও তোলার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার বিজেপি সরকার।
সম্প্রতি কলকাতার একাধিক ভেন্যু সিজেপি-র শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার অনুমতি বাতিল করেছে। এ প্রসঙ্গে এক্স-এ রাঙ্কা লিখেছেন, ‘এটি প্রমাণ করে যে বিজেপি ককরোচদের ভয় পায়। আমাদের যত থামানোর চেষ্টা করবে, আমরা ততই শক্তিশালী হব।’
বিশেষজ্ঞ সামিনা বানো দেশের সরকারি স্কুলগুলোর শিক্ষাব্যবস্থাকে বেহাল আখ্যা দিয়ে বলেন, গ্রামীণ অঞ্চলে মদ্যপ শিক্ষক এবং ভুয়া শিক্ষক নিয়োগের মতো বহু সমস্যা শিকড় গেড়ে বসেছে। এই অচলাবস্থা ভাঙতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অসীম আলীর মতে, সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে সিজেপি কম খরচে ব্যাপক আন্দোলন গড়ে তুললেও সাংগঠনিক শক্তির অভাবে স্বেচ্ছাসেবকরা প্রায়ই সহিংসতার মুখে পড়ছেন।

