...|...|...

বিশ্ব

২৫২ ইউক্রেনীয় সেনার লাশ ফেরত দিল রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১:৩৯
Shares
২৫২ ইউক্রেনীয় সেনার লাশ ফেরত দিল রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিহত সেনাদের লাশ বিনিময় হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলারুশ ও ইউক্রেনের সীমান্তবর্তী নোভায়া গুতায় অবস্থিত সীমান্ত চৌকিতে এ বিনিময় অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম আনাদোলু বলছে, ইউক্রেনের যুদ্ধবন্দি ব্যবস্থাপনা সমন্বয় সদর দপ্তর টেলিগ্রামে জানায়, এ বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২৫২ জন সেনাসদস্যের লাশ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। রুশ পক্ষের দাবি, তারা সবাই ইউক্রেনের সেনাসদস্য ছিলেন।

লাশ বিনিময় কার্যক্রম বাস্তবায়নে সহায়তা ও সমর্থন দেওয়ায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাশিয়ার স্টেট দুমার সদস্য শামসাইল সারালিয়েভও এ বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রুশ সংবাদমাধ্যম আরবিকে-কে তিনি জানান, ২৫২ জনের বিপরীতে ২৫ জনের লাশ বিনিময় করা হয়েছে।

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটিএ জানিয়েছে, দেশটির ভূখণ্ডে এ পর্যন্ত ৭০টির বেশি মানবিক সহায়তা ও বিনিময় অভিযান পরিচালিত হয়েছে। সর্বশেষ লাশ বিনিময়ও বেলারুশ-ইউক্রেন সীমান্তের নোভায়া গুতা চৌকিতে সম্পন্ন হয়।

এর আগে গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিহত সেনাদের লাশ বিনিময় হয়েছিল। ওই সময় রাশিয়া ইউক্রেনের ২৫২ জন সেনাসদস্যের লাশ ফেরত দেয়। বিনিময়ে ইউক্রেন রাশিয়ার ২৩ জন সেনার দেহাবশেষ হস্তান্তর করে।