...|...|...

বিশ্ব

গাজা যুদ্ধ-পরবর্তী মানসিক সংকট

এক ঘণ্টায় দুই ইসরায়েলি সেনার আত্মহত্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ১১:০৪
Shares
এক ঘণ্টায় দুই ইসরায়েলি সেনার আত্মহত্যা

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর তীব্র মানসিক সংকটে ভুগে এক ঘণ্টার ব্যবধানে দুই ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পৃথক দুই স্থানে ঘটনা দুটি ঘটে। একজনের মৃত্যু হয়েছে তেল আবিবের উত্তরে নেতানিয়ায়, অন্যজনের অধিকৃত ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর থেকে ওই দুই সেনা গুরুতর মানসিক সংকটে ভুগছিলেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের মধ্যে ২১টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে একই সময়ে এ সংখ্যা ছিল ১২। গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেনাদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে আলোচনায় এসেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে সেনাদের মানসিক বিপর্যয়ের সম্ভাব্য কারণ হিসেবে দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযান, বারবার যুদ্ধক্ষেত্রে মোতায়েন, সহযোদ্ধাদের মৃত্যু প্রত্যক্ষ করা এবং যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্তের বরাতে বলা হয়, সেনাদের আত্মহত্যার বেশির ভাগ ঘটনার সঙ্গে গাজা যুদ্ধে পাওয়া মানসিক আঘাতের সম্পর্ক রয়েছে। যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় থাকা, তীব্র সংঘর্ষের অভিজ্ঞতা এবং সহযোদ্ধাদের হারানো তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে।

শুধু আত্মহত্যা নয়, আত্মহত্যার চেষ্টার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলের নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের তথ্য উদ্ধৃত করে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সেনাদের আত্মহত্যার চেষ্টার ২৭৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

যুদ্ধের পর মানসিক আঘাতজনিত সমস্যায় ভোগা সেনাদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনও বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুদ্ধক্ষেত্রে মনস্তাত্ত্বিক সহায়তা এবং মানসিক সংকটের লক্ষণ শনাক্ত করার উদ্যোগ নিয়েছে। তবে সমস্যার ব্যাপকতা নিয়ে উদ্বেগ কাটেনি।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রের শারীরিক আঘাতে সীমাবদ্ধ থাকে না। তীব্র সহিংসতার অভিজ্ঞতা, মৃত্যুভয়, সহযোদ্ধাদের হারানো এবং দীর্ঘমেয়াদি মানসিক চাপ থেকে পরেও মানসিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), উদ্বেগ ও বিষণ্নতা।