...|...|...

খেলা

বাংলাদেশ-ভারতে বসছে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ, দিনক্ষণ চূড়ান্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৫
Shares
বাংলাদেশ-ভারতে বসছে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ, দিনক্ষণ চূড়ান্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আগামী ৯ অক্টোবর। ২৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করার পাশাপাশি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর সম্ভাব্য সূচিও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকাশিত সূচিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের সময়ও জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে এই প্রতিযোগিতা।

এরপর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম এখনো ঘোষণা করেনি আইসিসি।

এদিকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি এই সূচি প্রকাশের ফলে ক্রিকেটার ও সদস্য দেশগুলো আগেভাগেই নিজেদের পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়ন, উচ্চমানের প্রতিযোগিতা আয়োজন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে শৃঙ্খলা বজায় রাখতেও এটি সহায়ক হবে।

২০৩৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরগুলোর সম্ভাব্য সময়সূচি নির্ধারণের মাধ্যমে সদস্য দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথ আরও পরিষ্কার করতে চায় আইসিসি।