আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়লেও এবার খেলাটি নিয়ে সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের রেডিও স্টেশনগুলোকে ক্রিকেটসংক্রান্ত কোনো খবর, ম্যাচের ধারাভাষ্য কিংবা দলের জয়ের সংবাদ প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে ক্রিকেট নিয়ে কোনো ধরনের অনুষ্ঠান বা সংবাদ প্রচার করতে পারবে না তারা। এমনকি ম্যাচের ধারাভাষ্য, ফলাফল কিংবা কোনো দলের জয়ের খবরও সম্প্রচার করা যাবে না।
নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’
কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধানও নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন পেয়েছি। আমাদের জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার করা যাবে না।’
অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন। তার ভাষ্য, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটের সাথে সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’ নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান কান্দাহারে এমন নিষেধাজ্ঞার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মন্তব্য চেয়েছিল এএফপি। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বোর্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তানে ক্রিকেট নিয়ে তালেবান সরকারের এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, ক্ষমতায় ফেরার পর বিভিন্ন সময়ে ক্রিকেটের প্রতি সমর্থন জানিয়েছে সরকার। এমনকি ক্ষমতায় ফেরার বর্ষপূর্তি উপলক্ষে গত আগস্টে একটি ক্রিকেট ম্যাচের আয়োজনও করা হয়েছিল।
তবে খেলাধুলার ক্ষেত্রে তালেবান সরকারের বেশ কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। দেশটিতে মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার সুযোগ থাকলেও নারী ও মেয়েদের খেলাধুলা এবং জিমে যাওয়া নিষিদ্ধ। জনজীবনে নারীদের অংশগ্রহণ সীমিত করার নীতির অংশ হিসেবেই এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।
এদিকে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে। এমন সময়েই ক্রিকেটের সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার খবর সামনে এল।



