...|...|...

খেলা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪০
Shares
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সংস্থাটির নেতৃত্বে তার ধারাবাহিকতা বজায় থাকছে। নতুন মেয়াদে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থক বাড়ানো এবং খেলাটির বাণিজ্যিক উন্নয়নকে গুরুত্ব দিতে চান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আইসিসি বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই পুনর্নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে জয় শাহকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নির্বাচনের পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সাথে একযোগে কাজ করে যেতে চান।

জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন একই সাথে বিশেষ সুযোগ ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সাথে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্রিকেটের সামনে থাকা গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, খেলাটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর অধ্যায়ে প্রবেশ করছে ক্রিকেট বিশ্ব। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শকদের কাছে খেলাটিকে পরিচিত করার বড় সুযোগ তৈরি করবে। একই সাথে নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করা সম্ভব হবে।

জয় শাহ আরও বলেন, সফল টুর্নামেন্ট আয়োজনের বাইরেও আইসিসির দায়িত্ব অনেক বিস্তৃত। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে ক্রিকেটের জন্য শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হিসেবে মানুষের মধ্যে ঐক্য তৈরির ক্ষমতাকে উল্লেখ করেন তিনি। তার মতে, আইসিসি বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে হবে। পাশাপাশি এখন পর্যন্ত অর্জিত অগ্রগতি যেন আগামী প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

নতুন মেয়াদে জয় শাহর নেতৃত্বে ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণ, অলিম্পিকে খেলাটির প্রত্যাবর্তন এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়গুলো আইসিসির অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকছে।