...|...|...

বিশ্ব

২০২৭ সালে কানাডায় ২ লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৫
Shares
২০২৭ সালে কানাডায় ২ লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

ছবি: সংগৃহীত

২০২৭ সালে অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির নতুন অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, এই সুবিধায় অগ্রাধিকার পাবেন কানাডায় আগে থেকেই বসবাসরত বিদেশি কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট মানবিক ও পারিবারিক অভিবাসন কর্মসূচির আবেদনকারীরা।

গত ৫ নভেম্বর কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ ঘোষণা দেওয়া হয়। পরে ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ দিয়াব বিশেষ এই ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।

পরিকল্পনা অনুযায়ী, অতিরিক্ত ২ লাখ সুযোগের মধ্যে সর্বোচ্চ ১ লাখ রাখা হয়েছে কানাডায় বসবাসরত বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য। বিশেষ করে কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশের শ্রমবাজারের চাহিদা পূরণে ভূমিকা রাখা কর্মীরা এই সুবিধার আওতায় আসতে পারেন।

এ ছাড়া প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) যোগ্য কর্মী এবং স্টার্ট-আপ ভিসা, সেলফ-এমপ্লয়েড পারসনস, কৃষি ও খাদ্য খাত এবং গৃহপরিচর্যাকর্মীদের নির্দিষ্ট কর্মসূচিতে আগে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিদেরও বিবেচনা করা হবে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অপেক্ষমাণ আবেদনকারীরাও এই ব্যবস্থার আওতায় আসতে পারেন।

অন্যদিকে, মানবিক ও পারিবারিক কারণে স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য রাখা হয়েছে আরও সর্বোচ্চ ১ লাখ সুযোগ। এর মধ্যে হংকংয়ের বাসিন্দাদের বিশেষ অভিবাসন কর্মসূচিতে আবেদন করা সর্বোচ্চ ৩২ হাজার এবং ইউক্রেনীয় নাগরিকদের পারিবারিক পুনর্মিলন কর্মসূচির সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ জনের আবেদন নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি মানবিক কারণে স্থায়ী বসবাসের প্রাথমিক অনুমোদন পাওয়া সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, বৈবাহিক সম্পর্কের সমতুল্য সঙ্গী ও নির্ভরশীল সন্তানদের সর্বোচ্চ ৪৫ হাজার আবেদনও এই ব্যবস্থায় বিবেচিত হবে।

কানাডা সরকারের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে নিয়মিত অভিবাসন পরিকল্পনার আওতায় ৩ লাখ ৮০ হাজার মানুষকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে বিশেষ এককালীন ব্যবস্থায় অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে।

তবে এই ঘোষণা নতুন কোনো উন্মুক্ত অভিবাসন কর্মসূচি নয়। নির্দিষ্ট কর্মসূচির যোগ্য আবেদনকারীদের নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই। ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে নতুন করে কানাডায় যেতে ইচ্ছুক সবাই সরাসরি এই বিশেষ সুবিধার আওতায় পড়বেন না।

কানাডা সরকার জানিয়েছে, বিশেষ এই উদ্যোগের উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তি করা, পরিবারগুলোকে একসঙ্গে থাকার সুযোগ দেওয়া এবং দেশটির বিভিন্ন অঞ্চলে শ্রমিকসংকট মোকাবিলা করা।