মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনে দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।
এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে।
বিজয় দিবসে যেসব কর্মসূচি পালন করতে হবে
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে-
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন।
শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় অংশগ্রহণ।
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত।
সূর্যোদয়ের সাথে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা
নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ভবনে নির্ধারিত মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এ ছাড়া সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম অথবা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিন দিনব্যাপী বিজয়মেলায় অংশ নেবে শিক্ষার্থীরা
জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বোর্ড। একই সাথে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
এ ছাড়া সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য মাদ্রাসাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন
বিজয় দিবস উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত
বিজয় দিবসে প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করতে বলা হয়েছে।
একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশনা দিয়েছে বোর্ড।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ
শুধু বিজয় দিবস নয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথভাবে পালনের জন্যও পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে দেশের সব মাদ্রাসাকে শহীদ বুদ্ধিজীবী দিবসের নির্ধারিত কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



