...|...|...

বিনোদন

শহীদ মিনারে নেওয়া হবে মাতিয়া বানু শুকুর লাশ, জুমার পর জানাজা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:১২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৩
Shares
শহীদ মিনারে নেওয়া হবে মাতিয়া বানু শুকুর লাশ, জুমার পর জানাজা

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকুকে শেষ শ্রদ্ধা জানাতে তার লাশ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা থেকে তার লাশ শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজনরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন এই নির্মাতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাতেও ভুগছিলেন তিনি। গত ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত ছিলেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’সহ বেশ কয়েকটি টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

২০২১ সালে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু। 

তিনি নাটক ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘদিনের কাজের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।