...|...|...

রাজধানী

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা বরখাস্ত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫২
Shares
ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে সই করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।

অফিস আদেশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় কর্মরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচারের মাধ্যমে বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুসরণ করে রফিকুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। তবে এ সময়ে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে হবে।

এদিকে, ফেসবুকে দেওয়া পোস্টের একটি স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যের ঘরে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।