...|...|...

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ভোর রাত ৪:২৮
Shares
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

ছবি: দ্যা গার্ডিয়ান

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানিয়েছে।

এদিকে, হামলার পর বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়। নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয় এবং কয়েকটি উড়োজাহাজকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, হামলায় নিহত ১২ জনের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি, একজন মার্কিন নাগরিক, একজন মিসরীয়, একজন জর্ডানীয়, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক রয়েছেন।

তবে নিহত ব্যক্তিদের পরিচয় এবং আহতদের জাতীয়তা ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হামলার পর রিয়াদগামী কয়েকটি ফ্লাইট অন্য গন্তব্যে পাঠানো হয় এবং কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। একপর্যায়ে বিমানবন্দরের আকাশে একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ রিয়াদ এবং নিজেদের কেন্দ্রের মধ্যে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করেছে। কোনো কোনো ফ্লাইটের বাতিলের সময়সীমা সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।