...|...|...

জাতীয়

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫
Shares
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৯৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সাথে এই সময়ে মোট ২১ হাজার ৩০৮ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।