চট্টগ্রামে ডেঙ্গু ও হাম-উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ বছরের এক কিশোর এবং হাম-উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, হালিশহরের রবিউল হাসান (১৩) ও লোহাগাড়ার পাঁচ মাস বয়সী শিশু ওয়ারিসা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে চট্টগ্রামে নতুন করে ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এবং ৮০ জন হাম বা হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ১৬৫ জন। এ রোগে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, চলতি বছরে চট্টগ্রামে হাম আক্রান্ত বা হাম-উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৭৯১ জন। এ সময়ে হাম বা হাম-উপসর্গে ২৭ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে ডেঙ্গু ও হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।


