...|...|...

খেলা

হঠাৎ অবসরে গেলেন বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫:৫০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:১৭
Shares
হঠাৎ অবসরে গেলেন বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই আন্তর্জাতিক রেফারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। বিষয়টি নিশ্চিত করেছে স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর স্লাভকো ভিনচিচ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তার ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন।’

৪৬ বছর বয়সী ভিনচিচকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)। পাশাপাশি ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) তাকে মর্যাদাপূর্ণ জুলিও ক্যাম্পানাতি অ্যাওয়ার্ড প্রদান করেছে।

০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারিদের তালিকায় থাকা ভিনচিচ ইউরো ২০২০-এ দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের স্পেন-ইতালি সেমিফাইনালেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।

এবারের বিশ্বকাপে ভিনচিচ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ছিল ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ, মেক্সিকো-ইকুয়েডর শেষ ষোলোর লড়াই এবং ফাইনাল। মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে নতুন নিয়ম ভঙ্গের অভিযোগে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।

ক্লাব ফুটবলেও ভিনচিচের ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করেন, যেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এছাড়া ২০২২ ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২১ ইউরোপা লিগ ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্বও পালন করেন।