ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন ফরাসি এই ফুটবল ব্যক্তিত্ব। তার এমন সিদ্ধান্তে চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার পথে ইনফান্তিনোর জন্য বড় বাধা কিছুটা কমল।
বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের আগেই নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ওয়েঙ্গার। শনিবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপও জানিয়েছিল, নিজের বর্তমান বস ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন না তিনি।
ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। নির্বাচনে প্রার্থী হলে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল তার। কারণ, ইনফান্তিনোর বিরোধিতায় মূলত নেতৃত্ব দিচ্ছে এই সংস্থাটি।
ফুটবল বিশ্বে ওয়েঙ্গারের ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে নির্বাচনে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ইনফান্তিনোর জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। তবে বুধবার মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগে বিকল্প প্রার্থী খুঁজে পাওয়ার আশা ছাড়েনি উয়েফা।
বিবিসি স্পোর্টসকে ইনফান্তিনোবিরোধী জোটের এক প্রভাবশালী ব্যক্তি ওয়েঙ্গারের সরে দাঁড়ানোর খবরকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার মতে, ওয়েঙ্গার সব দিক থেকে নিখুঁত প্রার্থী না হলেও বিশ্বজুড়ে অনেককে ঐক্যবদ্ধ করার সক্ষমতা রাখতেন।
এদিকে এর আগে অক্টোবরে টটেনহামের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগা প্রথম ব্যক্তি হিসেবে ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তবে বিবিসি স্পোর্টসকে বিভিন্ন সূত্র জানিয়েছে, ৬৮ বছর বয়সী তাশিমা এখনো সদস্য দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় পাঁচটি সমর্থন নিশ্চিত করতে পারেননি। যদিও মনোনয়ন জমার শেষ সময়ের আগে সমর্থন আদায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এর আগে ফিফার একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হলে ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওয়েঙ্গারও সেই পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে নেন। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘আমি এই কৌশলগত পরিকল্পনার সাথে যুক্ত ছিলাম না এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমেই প্রথম প্রকল্পটি সম্পর্কে জানতে পারি। প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল অত্যন্ত জরুরি এবং প্রশ্নাতীত, কারণ আমি একটি স্বাধীন ফিফায় দৃঢ়ভাবে বিশ্বাস করি যা অঙ্গীকার, স্বচ্ছতা ও সততার সাথে আমাদের এই খেলাটির সেবা করবে।’
ফিফার সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান ইনফান্তিনো। ওয়েঙ্গার নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় তার বিরোধীদের সামনে এখন নতুন প্রার্থী খুঁজে বের করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


