...|...|...

খেলা

ব্রাজিল-পর্তুগালকে টপকে র‌্যাংকিংয়ের ইতিহাস গড়ল মরক্কো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:২০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৫
Shares
ব্রাজিল-পর্তুগালকে টপকে র‌্যাংকিংয়ের ইতিহাস গড়ল মরক্কো

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে মরক্কো। ফিফা র‌্যাংকিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে আফ্রিকান ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে আশরাফ হাকিমিদের দল।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে এই অবস্থান নিশ্চিত করেছে মরক্কো। ১ হাজার ৮০৫.৩৪ পয়েন্ট নিয়ে তাদের এই অর্জন। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে নাইজেরিয়া প্রথম আফ্রিকান দল হিসেবে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে উঠেছিল। এবার সেই কীর্তিতে ভাগ বসাল মরক্কো।

র‌্যাংকিংয়ের শীর্ষ চারটি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে স্পেন। ১ হাজার ৯৭২.৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। দল দুটির পয়েন্ট ১ হাজার ৯৫৮.৮৬ ও ১ হাজার ৯২৫.৫৯।

তবে পঞ্চম স্থান থেকে শুরু করে পরের অবস্থানগুলোতে পরিবর্তন এসেছে। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে মরক্কো। বিপরীতে এক ধাপ পিছিয়ে ১ হাজার ৮০০.৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল। পর্তুগালের অবনতি হয়েছে দুই ধাপ। ১ হাজার ৭৯৭.৬০ পয়েন্ট নিয়ে তারা এখন সাত নম্বরে।

মরক্কোর এই উন্নতির পেছনে সাম্প্রতিক ম্যাচের সাফল্য বড় ভূমিকা রেখেছে। কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে গত শুক্রবার আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে নাইজারকে ৫-১ গোলে হারায় তারা। বড় ব্যবধানের এই জয় র‌্যাংকিং পয়েন্ট বাড়াতে সহায়তা করেছে।

অন্যদিকে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। পর্তুগালের অবস্থানও ভালো যায়নি। ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নিজেদের প্রথম অফিশিয়াল ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।

প্রতিদ্বন্দ্বী দুই দলের এমন হারের বিপরীতে জয় অব্যাহত রেখে র‌্যাংকিংয়ে এগিয়ে গেছে মরক্কো। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। এবার ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে বিশ্ব ফুটবলে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেল তারা।