...|...|...

বিশ্ব

স্বামীর স্নেহের আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, অতঃপর…

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫১
Shares
স্বামীর স্নেহের আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, অতঃপর…

ছবি: সংগৃহীত

ভালোবাসার একটি সাধারণ আলিঙ্গন যে মানুষের হাড় ভাঙার মতো বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর সামান্য মৃদু ছোঁয়া বা জড়িয়ে ধরার ফলেই ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর এবং ফাটল ধরেছে আরও একটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারী মারাত্মক ‘অস্টিওপোরোসিস’ বা হাড় ক্ষয় রোগে ভুগছিলেন।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর প্রতিবেদন অনুযায়ী, শীত লাগছে বলে জানানোর পর স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির এক ব্যক্তি। তবে ওই আলিঙ্গনের মুহূর্তেই হাড় ভেঙে যাওয়ার অদ্ভুত শব্দ শুনতে পান তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, তীব্র যন্ত্রণায় কাতর হয়ে ওই নারী তাৎক্ষণিকভাবে মাটিতে বসে পড়েন।

স্বামীর দাবি, তিনি স্ত্রীকে জড়িয়ে ধরার সময় কোনো অতিরিক্ত বা অস্বাভাবিক শক্তি প্রয়োগ করেননি, সম্পূর্ণ স্বাভাবিকভাবেই তা করেছিলেন। বিষয়টি যে এতদূর গড়াতে পারে, তা তারা ঘুণাক্ষরেও টের পাননি। ফলে সারা রাত অসহ্য ব্যথা সহ্য করে পরদিন সকালে হাসপাতালে ছুটে যান তারা। সেখানে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা দেখতে পান, তার পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে হেয়ারলাইন ফ্র্যাকচার (হাড়ের ফাটল) ধরেছে।

হাড় ক্ষয়ের নেপথ্যে যে কারণ

চিকিৎসকদের বরাত দিয়ে ওয়াং জানান, তার স্ত্রীর হাড় এত বেশি ভঙ্গুর হয়ে যাওয়ার মূল কারণ ছিল ‘অস্টিওপোরোসিস’। ৪৫ থেকে ৫০ কেজি ওজনের ওই নারী মাত্রাতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। এছাড়া তিনি সূর্যের আলোর সংস্পর্শেও আসতেন না বললেই চলে। বাসা থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে থাকা পারিবারিক দোকানেই তার বেশিরভাগ সময় কেটে যেত।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ফিজিশিয়ান ইয়ান ইয়ানসিয়াং জানান, তরুণ বয়সে কেবল মৃদু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ওই নারীর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণেই হাড়গুলো এমন অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, পাঁজরের এই ধরনের ফাটল বা ভাঙনে যদি ফুসফুস বা তার আশপাশের পর্দায় কোনো জটিলতা তৈরি না হয়, তবে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। সে কারণেই ওই নারীকে কোনো সার্জারি ছাড়াই ওষুধ, বিশেষ প্যাচ এবং কঠোর বিশ্রামের মাধ্যমে সুস্থ করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।