২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে ওমান। শেষ দল হিসেবে সরাসরি বাছাইপর্বে জায়গা করে নিয়েছে তারা। এতে বিপাকে পড়েছে তিন আয়োজক দেশের একটি নামিবিয়া। নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে হলে এখন তাদের পেরোতে হবে প্লে-অফের কঠিন বাধা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৪২ রানে হেরেছে ওমান। তবে এই হারেও বিশ্বকাপ বাছাইয়ের টিকিট পেয়েছে দলটি। ২০২৪-২০২৬ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর পয়েন্ট তালিকায় নামিবিয়ার সমান ৩৩ পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে থেকে চতুর্থ স্থান নিশ্চিত করে ওমান।
লিগ টু-এর শেষ সাত ম্যাচেই হারের মুখ দেখেছে ওমান। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ছিল নামিবিয়া। শেষ পর্যন্ত নেট রান রেটের ব্যবধানে পিছিয়ে পড়ে নামিবিয়া। ফলে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে খেলবে ওমান।
ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে রাহুল চোপড়া ও আদিব উসমানি ৪৭ রান করে করেন। বাসিল হামিদের ব্যাট থেকে আসে ৪৩ রান। ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ ৪২ রানে তিনটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওমান। মাত্র ২৮ রানে তিন উইকেট হারায় তারা। তবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০৩ রান করার পরই বাছাইপর্ব নিশ্চিত হয়ে যায় দলটির। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৪ রান তুলতে সক্ষম হয় ওমান। মুজিবুর আলী সর্বোচ্চ ৬৫ রান করেন।
ওমান সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়ায় নামিবিয়াসহ লিগ টু-এর বাকি চার দলকে খেলতে হবে আট দলের বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ। এই তালিকায় রয়েছে নামিবিয়া, কানাডা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
প্লে-অফে তাদের সাথে যোগ দেবে চ্যালেঞ্জ লিগ 'এ' থেকে জার্সি ও কুয়েত এবং চ্যালেঞ্জ লিগ 'বি' থেকে ইতালি ও উগান্ডা। এই আট দলের লড়াই থেকে সেরা চারটি দল গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সুযোগ পাবে।
এরপর ১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে চারটি দল ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো অংশ নেবে নতুন প্রবর্তিত 'সুপার সিরিজে'।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ১২টি ভেন্যুতে ১৪ দলের অংশগ্রহণে মোট ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে নামিবিয়ার জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। বাছাইপর্বের প্লে-অফে ভালো করতে না পারলে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেও দর্শক হয়ে থাকতে হতে পারে তাদের।



