ফ্লাইট জটিলতায় সময়মতো মালপত্র না পৌঁছানোয় বাংলাদেশে পা রেখে অনুশীলনের সুযোগই পায়নি পাকিস্তান দল। ম্যাচের প্রথমার্ধে সেই অগোছালো ভাবটা স্পষ্ট ছিল দলটির খেলায়। তবে ম্যাচের শেষ মুহূর্তে দারুণ লড়াই জমে উঠলেও শেষ পর্যন্ত পেনাল্টি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ভারত। জোড়া গোল করেছেন ভারতের সুহাইল ভাট।
ম্যাচের ৩১ মিনিটের ভেতর ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। কাশ্মীরের ফুটবলার সুহাইল ভাট প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান। তার একটি গোল অফসাইডে বাতিল না হলে ব্যবধান আরও বড় হতে পারত।
এছাড়া ভারতের হয়ে আরেকটি গোল আসে পাকিস্তানের অগোছালো রক্ষণভাগের সুযোগ নিয়ে। প্রথমার্ধের খেলা একপেশে মনে হলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
ম্যাচের ৩৫ মিনিটে দোস্ত শায়াকের পেনাল্টি মিস না হলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত সব গোল করে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। নাজিব উল্লাহর নান্দনিক হেডের পর ম্যাচের ৯৪ মিনিটে পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজী অ্যাক্রোব্যাটিক ও দারুণ অ্যাথলেটিক শটে গোল করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন। ইনজুরি সময়ের এই জোড়া গোল ভারতের ডাগআউটে কাঁপন ধরিয়ে দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি পাকিস্তান।
মাঠের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর দৃশ্যটি ছিল প্রশংসনীয়।

