রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল (তরাশ) উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছয় সদস্যের একটি ছিনতাইকারী চক্র। চক্রের চার সদস্য ঢাকা মেট্রো-গ-৩২-০৮২৪ নম্বরের একটি সাদা প্রাইভেট কারে এবং অপর দুজন একটি ইয়ামাহা এমটি মোটরসাইকেলে ছিল।
এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করেন তারা। এ সময় উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের গণধোলাই দেয়।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর/মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে জুয়েল উদ্দিন (২৩), আমিরাবাদ এলাকার আ. আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)। জুয়েল উদ্দিন পেশায় গাড়িচালক।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা পিস্তল ও জব্দ করা প্রাইভেট কারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


