রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ আলী। রাজনৈতিক পটপরিবর্তনের পর পৃথক দুটি মামলায় দুই দফায় কারাভোগের পর হাইকোর্টের আদেশে আবারও দায়িত্ব ফিরে পেয়েছেন তিনি।
সম্প্রতি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক সরকারি চিঠিতে আহমদ আলীকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।
সরকারি চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে তাকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহমদ আলী দীর্ঘদিন ধরে উপজেলা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পৃথক দুটি মামলায় তাকে দুই দফায় কারাভোগ করতে হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে আবার চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত সরকারি চিঠিটি আহমদ আলী, চেয়ারম্যান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ, বালিয়াকান্দি, রাজবাড়ী বরাবর পাঠানো হয়েছে। এ নির্দেশনার ফলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব আবারও পালন করবেন তিনি।


