...|...|...

সারাদেশ

কুয়াকাটায় সড়কের পাশে পার্কিং করা জিপে আগুন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪২
Shares
কুয়াকাটায় সড়কের পাশে পার্কিং করা জিপে আগুন

কুয়াকাটায় সড়কের পাশে পার্কিং করা জিপে আগুন।

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘদিন ধরে সড়কের পাশে পার্কিং করে রাখা পর্যটকবাহী একটি জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ী) একসময় কুয়াকাটায় আসা পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহার করা হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি চৌরাস্তার পূর্ব পাশে নির্দিষ্ট স্থানে পার্কিং করে রাখা ছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে তা নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মো. ইমরান জানান, দীর্ঘদিন ধরে তিনি গাড়িটি ওই স্থানে পার্কিং করে রেখেছেন। আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ খবর পান, কে বা কারা তার গাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

ইমরান বলেন, দুর্ঘটনাবশত বা অন্য কোনো কারণে আগুন লাগলে এর আগে এমন ঘটনা ঘটতে পারত। তার ধারণা, কোনো দুর্বৃত্ত পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার সময় সৈকত এলাকায় কয়েকজনের সাথে আড্ডা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী মো. শাহীন গাজী। তিনি বলেন, হঠাৎ গাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত সেখানে ছুটে যান। পরে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কারা আগুন দিয়েছে, তা তারা দেখতে পাননি।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হালদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গাড়ির মালিক পরিকল্পিতভাবে আগুন দেওয়ার সন্দেহ প্রকাশ করলেও এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।