...|...|...

সারাদেশ

টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়া জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করেছে বিজিবি। এতে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

২৭ নভেম্বর (শুক্রবার) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি নিউটন মোল্লা ছাড়াও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ (কালু) মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সাথে টহল দিচ্ছিলো বিজিবি। 

তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে।

তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়া অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। 

এসময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। 

এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্থ হয়। 

বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু মামলার বিষয়টি বাসসকে নিশ্চিত করে বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৫০০৮ জনকে আসামি করা হয়েছে।