ইরাকের জুরফ আল-নাসর এলাকায় তেল পাচারের অভিযোগে নয়জন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। এলাকাটি ইরান-সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
রবিবার (১৫ নভেম্বর) ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) জানান, বাবিল প্রদেশের জুরফ আল-নাসরে তেল পাচারের ঘটনা তদন্তে গঠিত একটি কমিটির প্রতিবেদন পর্যালোচনা করতে জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী আল-জাইদি।
তদন্তে অবৈধ তেল শোধনাগার এবং পাচার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কারসাজির প্রমাণ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আল-নুমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে তেল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সবাইকে বিচার বিভাগের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সাথে নয়জন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইনস কোম্পানির পরিচালক রয়েছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বাবিল প্রদেশের পুলিশপ্রধানও রয়েছেন।

