ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে লড়াইয়ে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ সদস্য দুই দেশ পাকিস্তান ও তুরস্ক।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রিয়াদে তিন দেশের সামরিক প্রধানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৈঠকে অংশ নেন সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি, পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বাইরাকতারওগলু।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদের বর্তমান নিরাপত্তা হুমকি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়। বিশেষ করে পবিত্র মক্কা নগরী এবং সৌদির বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হুথি হামলার তীব্র নিন্দা জানান তিন সামরিক প্রধান।
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সহযোগিতা এবং মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অঙ্গীকারগুলোকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।


