...|...|...

বিশ্ব

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে লকডাউন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৫৭
Shares
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে লকডাউন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে ঘোষিত লংমার্চের কর্মসূচি পিছিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের ওপর চাপ আরও বৃদ্ধি করতে কর্মসূচি আগামী ৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে নেওয়ার কথা জানিয়েছে দলটি।

তবে পিটিআইয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামাবাদে কঠোর লকডাউন আরোপ করেছে শাহবাজ শরিফ সরকার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিটিআইয়ের পক্ষ থেকে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দেওয়া হয়েছিল।

কৌশলে এই রাজপথের আন্দোলন পিছিয়ে দেওয়া হয়েছে জানিয়ে পিটিআই নেতৃত্ব জানায়, ইসলামাবাদে সরকার কত দিন এমন অবরুদ্ধ অবস্থা বজায় রাখতে পারে, তা দেখা হবে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের কারণে সহিংসতা ও রক্তপাতের আশঙ্কা থেকেও সময় পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

এদিকে লংমার্চ ঠেকানো ও পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তারে ইসলামাবাদজুড়ে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। পিটিআইয়ের কর্মসূচির ঘোষণা আসার পর থেকেই দলটির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন, গ্রেপ্তার ও নিখোঁজের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনাবাহিনী সমর্থিত শেহবাজ শরিফের অজনপ্রিয় ও ভঙ্গুর সরকারের জন্য ইমরানের এই লংমার্চ বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালে গ্রেফতার হন ইমরান খান। বর্তমানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।