...|...|...

বিশ্ব

সৌদি আরবে ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৭
Shares
সৌদি আরবে ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরবে বসবাসরত ও ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, ইরান এবং ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মারাত্মক ঝুঁকি রয়েছে। একই সাথে সন্ত্রাসবাদের চরম ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের যেকোনো মূল্যে ইয়েমেন ভ্রমণ এড়িয়ে চলার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলা ও তীব্র সংঘর্ষের ঘটনায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সানার বিভিন্ন এলাকায় তাদের যোদ্ধারা সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন।

এর আগে সানার পশ্চিমাঞ্চলের একটি তেল স্থাপনা থেকে সাধারণ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। ওই সতর্কবার্তা জারি করার মাত্র এক ঘণ্টার মধ্যেই সানায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ। 

২০১৪ সাল থেকে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এই শহরে সৌদি জোটের বিমান হামলার ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।