হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তেল স্থাপনা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় এই হামলা চালানো হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আল জাজিরা সানায় বিকট বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকির নির্দেশের পর সানার পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইয়েমেনের একটি স্থানীয় সূত্র।
এর আগে সৌদি আরবের হুমকির জবাবে হুথি বিদ্রোহীরা স্পষ্ট জানিয়েছিল, সানায় বিমান হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। ইয়েমেনি এই বিদ্রোহী গোষ্ঠীটি হুমকি দিয়েছিল, বিমান হামলা হলে সৌদির দাম্মামে অবস্থিত আরামকোর প্রধান কার্যালয়, রাজধানী রিয়াদস্থ কিং খালিদ বিমানবন্দর এবং রিয়াদ আরামকো তেল শোধনাগারে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
একই সাথে এসব স্থান থেকে সাধারণ নাগরিকদের দূরে থাকার আহ্বান জানায় তারা।
গত কয়েক দিন ধরেই হুথি বিদ্রোহী ও সৌদি সামরিক বাহিনীর মধ্যে সরাসরি সংঘাত চরম রূপ নিয়েছে। বিশেষ করে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর থেকে হুশিয়ারি দিয়ে আসছিল রিয়াদ।
আজ সানার তেল স্থাপনায় প্রত্যক্ষ হামলার পর হুথিদের ঘোষিত পাল্টা আঘাতের আশঙ্কায় দুই দেশের সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।


