...|...|...

বিশ্ব

সৌদি আরবের পাশে থাকার ঘোষণা এরদোয়ানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৯:২০
Shares
সৌদি আরবের পাশে থাকার ঘোষণা এরদোয়ানের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে এক ফোনালাপে তিনি এই প্রতিশ্রুতি দেন। তুরস্কের প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এরদোয়ান। সৌদি যুবরাজকে আশ্বস্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, রিয়াদ সুদৃঢ় পদক্ষেপে এই সংকট ও নিরাপত্তা চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

হুথিদের আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে আঙ্কারার এই স্পষ্ট সমর্থনের মধ্য দিয়ে রিয়াদ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা নতুন গতি পেল।

উল্লেখ্য, গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত। ওই চুক্তির মূল শর্ত অনুযায়ী, জোটের যেকোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা সমগ্র জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

মূলত ন্যাটো সদস্য তুরস্ক এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন পাকিস্তানের সঙ্গে চুক্তিটি সম্পাদনের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের সম্মিলিত সামরিক প্রতিরক্ষা জোরদার করতে চায় রিয়াদ।