...|...|...

খেলা

ট্রাবজনস্পোরে সালাহ যোগ দেওয়ায় তুরস্কে পর্যটকদের জোয়ার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ৮:১৭
Shares
ট্রাবজনস্পোরে সালাহ যোগ দেওয়ায় তুরস্কে পর্যটকদের জোয়ার

মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ্‌। ছবি: সংগৃহীত

মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর তুর্কি ক্লাব ট্রাবজনস্পোরে যোগদানের খবরে কৃষ্ণসাগর উপকূলের ঐতিহ্যবাহী শহর ট্রাবজনে উপচে পড়া পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বখ্যাত এই ফুটবলারকে দেখতে বিশ্বজুড়ে ভক্তদের নজর এখন এই উপকূলীয় শহরের দিকে।

প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন পরিচালক তামার এরদোয়ান জানান, গত বছর ট্রাবজনে প্রায় ১৪ লাখ ৫০ হাজার পর্যটক এসেছিলেন, যার মধ্যে ৮ লাখের বেশি ছিলেন বিদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহর কোটি কোটি ভক্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সালাহ্‌র আগমন ট্রাবজনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

পর্যটন বিভাগ সূত্রে জানা যায়, বিশ্বজুড়ে ৪০টি দেশে ট্রাবজনস্পোরের ম্যাচ সম্প্রচারিত হওয়ায় শহরের আকর্ষণ বহু গুণ বাড়বে। চলতি ২০২৬ সালের প্রথম সাত মাসেই ৩,১৭০ জন মিশরীয় পর্যটক ট্রাবজন ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।

কায়রো থেকে সরাসরি চালু হওয়া বিশেষ চার্টার্ড ফ্লাইট এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। তামার এরদোয়ান বলেন, ‘সালাহ ট্রাবজনে পা রাখার দিন থেকেই কায়রো-ট্রাবজন রুটে প্রথম চার্টার্ড ফ্লাইট চালু হয়েছে।’

বর্তমানে দূরপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন।

অ্যাসোসিয়েশন অব তুর্কি ট্রাভেল এজেন্সিসের পূর্ব কৃষ্ণসাগর অঞ্চলের চেয়ারম্যান মেহমেত আলি টুনা জানান, মধ্য এশিয়ার তুর্কিভাষী দেশগুলোতেও সালাহ্‌ অত্যন্ত জনপ্রিয়। চলতি লিগের দ্বিতীয় সপ্তাহে ট্রাবজনস্পোরের প্রথম হোম ম্যাচকে ঘিরে ইতোমধ্যে উজবেকিস্তান থেকেও বিশেষ প্যাকেজ ট্যুর সাজিয়েছে বেশ কিছু ট্রাভেল এজেন্সি।