...|...|...

রাজনীতি

তুরস্কের স্পিকারের সাথে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১১
Shares
তুরস্কের স্পিকারের সাথে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক

তুরস্কের স্পিকারের সাথে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক। ছবি: সংগৃহীত

তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান নুমান কুরতুলমুশ। একইসাথে এ প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রগতি এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন।

রোহিঙ্গাদের প্রতি তুরস্কের ধারাবাহিক সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য দেশটির সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের হাতে তুলে দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান শফিকুর রহমান।

এ ছাড়া অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ প্রকাশ করেন উভয় পক্ষ। পারস্পরিক সহযোগিতা জোরদার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক এসএম খালিদুজ্জামান।