...|...|...

খেলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, বিকেল ৫:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:৪১
Shares
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করায় শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। মঙ্গলবার (১৮ আগস্ট) সিডনির ওয়েভারলি স্থানীয় আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১২ মাস তার গাড়িতে ‘ইন্টারলক’ ব্রেথলাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত মাসে ‘মাঝারি মাত্রার’ অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ আদালতে স্বীকার করেন ৩৯ বছর বয়সী ওয়ার্নার। এর আগে গত এপ্রিলে একটি ভ্যান চালিয়ে যাওয়ার সময় হঠাৎ পুলিশি মদ্যপান পরীক্ষা কেন্দ্রের কাছে থেমে যান তিনি। পরে শ্বাস পরীক্ষায় অ্যালকোহল ধরা পড়লে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

আজ বিচারক ক্লেয়ার ফারনান আনুষ্ঠানিকভাবে ওয়ার্নারকে দোষী সাব্যস্ত করে রায় দেন। রায়ের আওতায় আগামী ১২ মাস ওয়ার্নারকে বিশেষ ‘ইন্টারলক’ লাইসেন্সে থাকতে হবে। ফলে গাড়ি স্টার্ট দেওয়ার আগে ব্রেথলাইজারে ফুঁ দিতে হবে; রক্তে অ্যালকোহল ধরা পড়লে গাড়ি সচল হবে না।

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ এই কাণ্ডকে তার মক্কেলের 'বিবেচনাশক্তি হারানো ও বোকামিপূর্ণ সিদ্ধান্ত' হিসেবে আখ্যা দেন। তবে ওয়ার্নার ভুলের দায় স্বীকার করে ইতোমধ্যে একটি সংশোধনমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, পরিবারের কাছে ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ৩ গ্লাস ওয়াইন পান করেছিলেন ওয়ার্নার। রায় দেওয়ার সময় বিচারক সতর্ক করে বলেন, মদ্যপ অবস্থায় ড্রাইভ করার একটা ভুল সিদ্ধান্তই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত।

আদালতের রায় শেষে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সাবেক এই অজি ওপেনার।