...|...|...

সারাদেশ

সাংবাদিকদের গাড়ি আটকে এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা দাবি

মেহেদী হাসান মেহের, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৮:১৫
Shares
সাংবাদিকদের গাড়ি আটকে এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা দাবি

ছবি: টাইমস টুডে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংসদ সদস্যের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সাথে অসদাচরণ ও মারতে উদ্যত হওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে এক যুবক তাদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকেরা নিজেদের জরুরি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকার কথা জানিয়ে গাড়িটি ইজারার আওতামুক্ত বলে উল্লেখ করেন।

এ সময় ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন। পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের সাথে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংসদ সদস্য মহোদয় ইজারা বাতিলের কথা বলেছেন।’

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলছি।’