বরগুনার বামনা উপজেলায় কার্যক্রমনিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও শোডাউন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে বামনা ফায়ার সার্ভিস স্টেশনসংলগ্ন মহাসড়কে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকস্মিকভাবে মিছিল নিয়ে সড়কে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিকে সংগঠনটির প্রথম প্রকাশ্য কর্মসূচি বলে জানা গেছে।
মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বামনা থানা-পুলিশ। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে উপজেলা সদরের গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেফতার করা হয়।
ভিডিও ফুটেজে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান আকনকে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তোমার অপেক্ষায় বাংলাদেশ’। ব্যানারের নিচে উল্লেখ ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগ, বামনা উপজেলা শাখা, বরগুনা।’
এ সময় মিছিলকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ নিষেধাজ্ঞা, মানি না মানব না’, ‘অবৈধ সরকার, মানি না মানব না’ এবং ‘বামনার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
দীর্ঘ সময় পর প্রকাশ্যে এমন মিছিল ও শোডাউনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, ‘মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


